ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ময়লার বিশাল স্তূপ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা বাড়ে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত বুধবার দুপুরে পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন পরিচালিত মোশি বর্জ্য ডিপোর ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্পের প্রশাসনিক ভবনের ওপর হঠাৎ ময়লার বিশাল স্তূপ ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে থাকা কর্মীদের পাশাপাশি আশপাশের কয়েকজনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ঘটনার পরপরই কয়েকজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, এনডিআরএফ, ফায়ার সার্ভিস, পুলিশ ও পৌর করপোরেশনের কর্মীরা যৌথভাবে অংশ নেন। প্রথম দফায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তের পর মোট মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা ছিল ক্ষতিগ্রস্ত ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা। ভবনের কংক্রিটের অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক এক্সকাভেটর, ডাম্পার, জেসিবি এবং আধুনিক ডেমোলিশন যন্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে ময়লার স্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। শেষ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র : এনডিটিভি
মন্তব্যসমূহ