শত্রুদের হুমকি মোকাবিলা এবং শক্তিশালী ইরান গড়ে তুলতে জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধি শুধু সামাজিক বা অর্থনৈতিক বিষয় নয়, বরং দেশের জাতীয় শক্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের চতুর্থ জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি। বার্তায় জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় সক্ষমতা বাড়ানো এবং শত্রুদের হুমকি প্রতিহত করার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে তুলে ধরেন খামেনি।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জনসংখ্যা বৃদ্ধিবিষয়ক অবস্থানও স্মরণ করেন তিনি। একই সঙ্গে অতীতে জনসংখ্যা পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলার সমালোচনা করেন।
মোজতবা খামেনি বলেন, অতীতের কিছু জনসংখ্যা নীতির কারণে দেশে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। সাম্প্রতিক পদক্ষেপগুলো এই গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করেছে।
জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনায় পরিবার ও ব্যক্তির প্রয়োজনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, আবাসনসহ অনেক পণ্য ও সেবা পরিবারের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসেবার মতো বিষয় ব্যক্তির প্রয়োজনের সঙ্গে সরাসরি জড়িত। তাই জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্য অর্জনে উভয় দিক বিবেচনায় রাখতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে পরিবারব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী করা জরুরি। পাশাপাশি ব্যক্তির স্বাস্থ্য, জীবনযাত্রার মান ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তরুণদের বিয়ে সহজ করা, সন্তান জন্মদানে সহায়তা বাড়ানো এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি প্রসারে ব্যাপক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান খামেনি। এসব ক্ষেত্রে সফল উদ্যোগ ও ইতিবাচক দৃষ্টান্ত তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার কথাও বলেন তিনি।
তাঁর আশা, পরিবার ও তরুণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত নীতি বাস্তবায়ন করা গেলে অতীতের জনসংখ্যা নীতির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবে ইরান। একই সঙ্গে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের সক্ষমতা ও স্থিতিশীলতা ধরে রাখাও সহজ হবে।
গত কয়েক দশকে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার ও জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে। জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোয় পরিবর্তনের আশঙ্কায় বিষয়টিকে জাতীয় নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে দেশটি।
এরই মধ্যে পরিবারকে আর্থিক ও সামাজিক সহায়তা দেওয়া, বিয়ে সহজ করা এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে বিভিন্ন আইন ও কর্মসূচি চালু করেছে ইরান সরকার। জনসংখ্যা বৃদ্ধির এই উদ্যোগকে দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরছেন নীতিনির্ধারকেরা।
সূত্র : প্রেস টিভি














মন্তব্যসমূহ