কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার কথায় প্ররোচিত হয়ে নিজেদের বিপদে না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিচার হতে দেওয়া উচিত। তাঁর জন্য আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের নতুন করে বিপদে পড়ার প্রয়োজন নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘কালচারাল ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও জাগরণের গান’ শীর্ষক অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনা তাদের আগুনের মধ্যে ফেলে পালিয়ে গেছেন। তার কর্মের ফল তাকেই ভোগ করতে দিন। তার বিচার হতে দিন। আপা, আপা করে নিজেদের বিপদে ফেলবেন না, পায়ে কুড়াল মারবেন না।’
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ বারবার বলছেন, তাঁদের নেত্রী দেশে ফিরছেন। শেখ হাসিনা সত্যিই ফিরতে চাইলে তাঁকে দেশে এসে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
আবদুস সালাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আসতে পারেন। তবে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করার পরিবর্তে বিচারের মুখোমুখি হতে হবে। সীমান্ত দিয়ে ফিরলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে হেফাজতে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি ও রক্ষীবাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, তাঁর বিরুদ্ধে মামলা হলেও তিনি আদালতে হাজির হয়ে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন। কারাগারে যাওয়ার আগে নেতাকর্মীদের শান্ত থাকার এবং কোনো ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার নির্দেশ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
আবদুস সালাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশে অবস্থান করা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের একটি অংশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক তৎপরতায় তাঁরা আবারও অস্থিরতার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার কথায় প্ররোচিত হয়ে নিজেদের বিপদে ফেলা উচিত নয়। দলটি আবার রাজনীতিতে ফিরতে চাইলে অতীতের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির অতীত আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, দমন-পীড়নের মধ্যেও বিএনপি কখনো গোপন রাজনীতির পথ বেছে নেয়নি। দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে সভা-সমাবেশ ও আন্দোলন করেছেন। সাংস্কৃতিক কর্মীরাও বিভিন্ন সময় বাধা ও হয়রানির মুখে পড়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা রয়েছে। তবে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভারত তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
বক্তব্যের শেষ দিকে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদেরও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ভূমিকা রাখার আহ্বান জানান আবদুস সালাম।














মন্তব্যসমূহ