কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের চলমান অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় জাহাজ ‘অপূর্ব বাংলা’ এ অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে ট্রলিং কার্যক্রম পরিচালনার অভিযোগে পাঁচটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও মাছ ধরার জাল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা বোটগুলো থেকে মোট ২৮টি ট্রলিং জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। একই সঙ্গে বোটগুলোতে থাকা ১০১ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা বোট, জাল ও মাছের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।














মন্তব্যসমূহ