টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধস-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন এবং পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্য।
মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন।
চট্টগ্রাম অঞ্চলে ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে গত এক সপ্তাহে প্রায় ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একদিনেই ৪১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ। পরবর্তীতে মৌলভীবাজার ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও আকস্মিক ঢলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ছয় জেলার পাঁচটি নদীর সাতটি পর্যবেক্ষণকেন্দ্রে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর পানি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। অন্যদিকে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা হিসেবে ২ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, এখনো অনেক পরিবার প্রয়োজনীয় সরকারি সহায়তা পায়নি।














মন্তব্যসমূহ