দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কেউ যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদক ও স্বর্ণ পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বাহিনীটি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে বিজিবির সম্মেলনকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত সভায় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদক ও স্বর্ণ পাচার এবং সীমান্তকেন্দ্রিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজিবি ও গণমাধ্যমের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা মাদক ও স্বর্ণ পাচারের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনীটি সতর্ক রয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের সম্মান ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো অপরাধ কিংবা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের পাশাপাশি বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্তের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বিজিবি ও সংবাদকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। এ সময় বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং জ্যেষ্ঠ সাংবাদিক এম এ মামুন।
এ ছাড়া চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা সভায় অংশ নেন।
মতবিনিময়ে সীমান্তসংক্রান্ত তথ্য আদান-প্রদান আরও কার্যকর করা এবং অপরাধ প্রতিরোধে বিজিবি ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।














মন্তব্যসমূহ