সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় স্পিকার বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্র, আইন এবং রাষ্ট্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব পালনের ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।
তার রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন।














মন্তব্যসমূহ