বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার মায়ামিতে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। তবে বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগেও শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ চ্যাড মেরিল জানিয়েছেন, ম্যাচের আগে মায়ামি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তার ভাষ্য, বছরের এই সময়ে ফ্লোরিডায় সমুদ্র থেকে আসা বাতাসের প্রভাবে বিকেলের দিকে প্রায়ই বজ্রঝড় তৈরি হয়। এর সঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়াও থাকতে পারে।
ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে স্থগিত করতে হবে। শেষ বজ্রপাতের অন্তত ৩০ মিনিট পর ম্যাচ পুনরায় শুরুর অনুমতি মিলবে। এরপর খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য আরও ১৫ মিনিট সময় দিতে হবে।
টুর্নামেন্টের শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে দলের কিছু সরঞ্জাম চুরি, কয়েকজন খেলোয়াড়ের চোট এবং মেক্সিকোর বিপক্ষে আবহাওয়াজনিত বিলম্ব সব মিলিয়ে টমাস টুখেলের দলকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
নরওয়ের বিপক্ষেও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ালে সেটি ইংল্যান্ডের জন্য টুর্নামেন্টে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।














মন্তব্যসমূহ