বাংলাদেশের শ্রোতাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নিতে আগামী ২৪ জুলাই বাংলাদেশে আসছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আতিফ আসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা–জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেছেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, কনসার্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। কনসার্টের দিন দুপুর ২টায় গেট খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে।
মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। রাত ১০টা পর্যন্ত চলবে এই সংগীতানুষ্ঠান।
মেইন স্টেজের পক্ষে কাজী রাফসান বলেন, চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে তারা। শিল্পী, দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার মিলনমেলা হয়ে উঠবে।
এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি ও প্রস্তুতি প্রায় শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।
তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়, উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি অনুযায়ী নতুন তারিখে ঢাকায় মঞ্চে উঠতে যাচ্ছেন আতিফ আসলাম।
মন্তব্যসমূহ