চীনে ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ানের বেশি ঘুষ নেওয়ার অপরাধে ইয়াং ইউলিন নামে সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ৩২ কোটি ৫০ লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৯৯৯ কোটি ৪৫ লাখ টাকা।
৬৯ বছর বয়সী ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকার সময় তিনি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন বলে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারি পদমর্যাদার অপব্যবহার করে ইয়াং প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করতেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অন্যতম বড় ঘটনা হিসেবে এটিকে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চীনে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংকিং খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধেও দুর্নীতিবিরোধী অভিযান চলছে।
গত সোমবার চাংঝৌ শহরের একটি আদালত রায়ে বলেন, ইয়াং কর্মজীবনের বড় অংশ নানজিংয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নসংক্রান্ত কাজে কাটিয়েছেন। সে সময় তিনি এমন গুরুতর অপরাধ করেছেন, যার কারণে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বড় ক্ষতি হয়েছে।
চীনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ডের রায় খুব বেশি দেখা যায় না। তবে ১০০ কোটি ইউয়ানের বেশি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কখনো কখনো এমন কঠোর সাজা দেওয়া হয়।
এর আগে চীনের অর্থবিষয়ক সাবেক শীর্ষ কর্মকর্তা লাই শিয়াওমিনকে ১০ বছর ধরে ১৮০ কোটি ইউয়ান ঘুষ নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০২১ সালে তাঁর দণ্ড কার্যকর হয়। এছাড়া ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে অর্থ আত্মসাৎ ও ৩০০ কোটির বেশি ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ২০২৪ সালে কার্যকর করা হয়।
চীনের অনেক দুর্নীতি মামলায় আদালত কারাদণ্ড বা স্থগিত মৃত্যুদণ্ড দেন, যা পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কখনো কখনো দণ্ডিত ব্যক্তিরা অন্য অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে সাজা কমানো হয়।
ইয়াং ইউলিনও তদন্তে কিছু সহযোগিতা করেছিলেন। তবে আদালত বলেছে, তাঁর অপরাধ এত গুরুতর যে এই সহযোগিতা শাস্তি কমানোর জন্য যথেষ্ট নয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়াং আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং চূড়ান্ত বক্তব্যে অনুশোচনা প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ