তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ক আরও জোরদারে তার দেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
তথ্যমন্ত্রী এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, তা জানার আগ্রহ প্রকাশ করেন তিনি।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। এ বিষয়ে নেদারল্যান্ডসের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তিনি মন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ