চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী অংশের ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে অতিবৃষ্টিতেও রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকি কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।
তিনি জানান, প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে হাবিবুর রশিদ বলেন, জলাবদ্ধ এলাকাগুলো তিনি সরেজমিনে দেখেছেন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে আছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, পানি না কমা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন, তারা নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ট্রেন চলাচল শুরু হবে।
টানা ভারী বৃষ্টিতে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মন্তব্যসমূহ