বিচারিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ থাকলেও রায় তৈরি বা লেখার দায়িত্ব প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাঁর নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স সংগ্রহে বিচারকেরা এআইয়ের সহায়তা নিতে পারবেন। তবে রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) সংশ্লিষ্ট বিচারককে নিজের হাতে এবং নিজস্ব বিচারিক বিবেচনা থেকে লিখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনি বিশ্লেষণই মুখ্য। এআইয়ের সহায়তা নেওয়া গেলেও সিদ্ধান্ত গ্রহণের মূল দায়িত্ব বিচারকের ওপরই থাকতে হবে।
বিচার পরিচালনায় আইনের পাশাপাশি সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দেন প্রধান বিচারপতি। বিশেষ করে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিচারকদের নিয়ে আয়োজিত এ অভিভাষণে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারিক কর্মকর্তারা অংশ নেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
বিচারকদের পেশাগত শৃঙ্খলা ও ব্যক্তিগত আচরণ নিয়েও দিকনির্দেশনা দেন প্রধান বিচারপতি। তাঁর মতে, একজন বিচারকের দায়িত্বশীলতা ও মর্যাদা শুধু আদালতের এজলাসে সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তাঁর আচরণে পেশাগত ব্যক্তিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে ফেসবুক ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন না করার নির্দেশনা দেন।
আইনজীবীদের শুনানি পরিচালনার বিষয়েও বক্তব্য দেন প্রধান বিচারপতি। তিনি অপ্রয়োজনে দীর্ঘ সময় ধরে শুনানি করার প্রবণতা পরিহার করতে বলেন। শুনানির জন্য সময় নির্ধারণ করতে হবে সীমিত ও সুনির্দিষ্টভাবে। একই সঙ্গে সময় মঞ্জুরের বিষয়টিকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত না করার নির্দেশনা দেন।
প্রধান বিচারপতি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা নিজেদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।














মন্তব্যসমূহ