বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের ব্যক্তিগত সততা, নৈতিক সাহস ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর মতে, আইনগতভাবে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হলেও বিচারকেরা নিজের বিবেক ও ন্যায়বোধ অনুসরণ না করলে এর বাস্তব প্রতিফলন পাওয়া সম্ভব নয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থ যেন ন্যায়বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়। একজন বিচারকের সবচেয়ে বড় জবাবদিহি তাঁর নিজের বিবেকের কাছে। এ কারণে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি।
মন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম প্রধান ভিত্তি হলো বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। কেবল কাগজে-কলমে স্বাধীনতা নিশ্চিত করলেই হবে না; বিচারকদের আচরণ ও সিদ্ধান্তেও সেই স্বাধীনতার প্রতিফলন থাকতে হবে।
বিচারকদের পেশাগত অবস্থান ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন।
বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেন আইনমন্ত্রী। তাঁর বক্তব্য, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়।
বিচারকদের পেশাগত মর্যাদা বজায় রাখা এবং আদালতের শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।














মন্তব্যসমূহ