লাল কার্ড দেখার পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর নেওয়া এই সিদ্ধান্তকে ঘিরে ফুটবল অঙ্গনে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ন উঠেছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ফুটবল সমর্থক, বিশ্লেষক ও সাবেক কর্মকর্তারা ফিফার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অনেকেই এটিকে ফুটবলের জন্য ‘লাল রেখা অতিক্রম’ বলে মন্তব্য করেছেন।
এর আগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। তবে পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি শাস্তি স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে তিনি প্রকাশ্যেও ফিফাকে ধন্যবাদ জানান। যদিও ট্রাম্প দাবি করেন, তিনি শুধু সিদ্ধান্তটি পর্যালোচনার অনুরোধ করেছিলেন, কোনো নির্দিষ্ট ফল চেয়ে চাপ দেননি।
ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা বিশ্বকাপের শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
তবে বিতর্কিত সিদ্ধান্তের পরও শেষ পর্যন্ত লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। বালোগান মাঠে নামলেও বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় স্বাগতিকরা।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ