যুক্তরাষ্ট্রই ইসরাইলের একমাত্র শক্তিশালী মিত্র, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইলের আরও বন্ধু রয়েছে এবং ভারত থেকে তারা ব্যাপক সমর্থন পাচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র হলেও বিশ্বে তাদের বন্ধু কেবল যুক্তরাষ্ট্র নয়। উদাহরণ হিসেবে তিনি ভারতের কথা উল্লেখ করেন। তার ভাষায়, ১৪০ কোটি মানুষের দেশ ভারত থেকে ইসরাইলের প্রতি অসাধারণ সমর্থন দেখা যাচ্ছে।
নেতানিয়াহু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতীয়দের কাছ থেকে ইসরাইলের পক্ষে ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে। গাজা, ইরান ও লেবানন ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা ইসরাইলের জন্য ভারতের এই জনসমর্থনকে তিনি গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ইতিহাসে ইসরাইলের অন্যতম বড় বন্ধু হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেও তিনি বলেন, শ্রদ্ধা থাকার অর্থ এই নয় যে ভ্যান্সের প্রতিটি বক্তব্যের সঙ্গে তাকে একমত হতে হবে।
এর আগে জেডি ভ্যান্স ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রই ইসরাইলের একমাত্র নির্ভরযোগ্য বৈশ্বিক মিত্র। ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সমঝোতা নিয়ে ইসরাইলের সমালোচনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু আরও দাবি করেন, প্রকাশ্যে অনেক দেশে ইসরাইলবিরোধী প্রচারণা চললেও পর্দার আড়ালে বহু দেশের নেতা ইসরাইলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মতে, নিরাপত্তা ও সামরিক কৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরাইলের অভিজ্ঞতা জানতে অনেক দেশ আগ্রহী।
লেবানন ইস্যুতেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান অধ্যুষিত এলাকার মানুষ হিজবুল্লাহর হুমকি থেকে রক্ষার জন্য ইসরাইলের সহায়তা চেয়েছে। তবে তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বিশ্লেষকদের মতে, ভ্যান্সের বক্তব্যের জবাবে ভারতের নাম উল্লেখ করে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, ইসরাইল কূটনৈতিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকতে চায় না। একই সঙ্গে আন্তর্জাতিক চাপের মধ্যে ভারতের জনসমর্থনকে সামনে এনে তিনি ইসরাইলের বৈশ্বিক অবস্থান শক্তিশালী দেখানোর চেষ্টা করছেন।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ