রাজধানীর বাড্ডায় বাড্ডা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন স্থগিত করা হয়েছে। বিদেশি মেহমানদের ভিসা-সংক্রান্ত বিষয় এবং দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে এক বার্তায় সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, বিদেশি মেহমানদের ভিসা নিশ্চিতকরণ এবং দেশের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সম্মেলনটি আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে, ২৬ ও ২৭ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে এ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিদিন বাদ আসর থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এতে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি বিদেশি অতিথিদেরও অংশ নেওয়ার কথা ছিল।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্মেলনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত হলে, সুবিধাজনক তারিখ নির্ধারণ করে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেছেন আয়োজকরা।
বাড্ডা ইমাম-উলামা পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দ্বীনি সংগঠন। দ্বীনের বৃহত্তর স্বার্থ, উলামায়ে কেরামের ঐক্য এবং ইসলামের সামগ্রিক কল্যাণে দল-মত, মতাদর্শ ও ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দ্বীনি কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।














মন্তব্যসমূহ