পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন মাওলানা আহমদ বাটলা। দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমিরের দায়িত্ব পালন করা এই আলেমকে রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শে শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার (২০ নভেম্বর) থেকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন আমির নির্বাচনের খবর প্রকাশিত হয়। শনিবারও (২১ নভেম্বর) একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে।
গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তাঁর মৃত্যুতে সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হলে রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিরা পরামর্শের মাধ্যমে নতুন আমির মনোনীত করেন।
মাওলানা আহমদ বাটলা দীর্ঘদিন ধরে পাকিস্তানে তাবলিগ জামাতের দাওয়াতি ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রায়বেন্ড মারকাজের অন্যতম জ্যেষ্ঠ মুরব্বি। একই সঙ্গে আন্তর্জাতিক শূরার সদস্য এবং মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত।
নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হাদিসের পাঠদান, দ্বীনি শিক্ষা বিস্তার এবং মুসলমানদের ধর্মীয় জীবন সংশোধনের কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিশেষ করে সহজ ভাষায় ধর্মীয় আলোচনা ও নসিহতের জন্য তাঁর পরিচিতি রয়েছে। বিভিন্ন বয়ানে তিনি ঈমান ও আমলের সংশোধন, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহ অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে থাকেন।
পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষ নেতৃত্বের জন্য মাওলানা আহমদ বাটলার নাম এবারই প্রথম সামনে আসেনি।
২০১৮ সালের নভেম্বরে সংগঠনটির তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে নিজের অসিয়তে তিনজনের নাম প্রস্তাব করেছিলেন তিনি।
তাঁরা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয়। তখন মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পান।
দীর্ঘ প্রায় আট বছর সেই দায়িত্ব পালনের পর এবার তিনি সংগঠনটির আমিরের দায়িত্ব গ্রহণ করলেন।
চলতি বছরের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা আহমদ বাটলা।
ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ানে তিনি মুসল্লিদের তওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনার আহ্বান জানান।
নবীদের দাওয়াতি মিশন অনুসরণ, আখেরাতে সফলতা অর্জন এবং ব্যক্তিজীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির নতুন অধ্যায় শুরু হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা এবং রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁর নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।














মন্তব্যসমূহ