দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের শায়খুল ইসলাম জাস্টিস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সাত দিনের সফরে তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় শেষ পর্যন্ত আসা হচ্ছে না তার। তবে ঢাকায় আয়োজিত একটি খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সৌদি আরবের আন্তর্জাতিক ফিকহ একাডেমির সদস্য মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, প্রায় দেড় যুগ পর মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সাত দিনের এই সফরের কর্মসূচিও চূড়ান্ত করা হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে ভিআইপি প্রটোকল দেওয়ার বিষয়েও জানানো হয়েছিল।
তবে সফরের জন্য প্রয়োজনীয় এনওসি প্রক্রিয়া শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। মুফতি তাকি উসমানির সফরসঙ্গীরা অনাপত্তিপত্র পেলেও তার নিজের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। দেশের বিদ্যমান পরিস্থিতির কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এনওসি দেয়নি বলে সংবাদ সম্মেলনে জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।
সফর বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে মুফতি তাকি উসমানি বাংলাদেশে আসবেন বলে তারা আশা করছেন। তার বক্তব্য শোনা এবং তাকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের অনেক মানুষ।
আপাতত ঢাকায় আয়োজিত খতমে বোখারীর অনুষ্ঠানে অনলাইনে অংশ নিয়ে বক্তব্য দেবেন পাকিস্তানের এই বিশিষ্ট আলেম।














মন্তব্যসমূহ