যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নয়জনকে আটকের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের ছয়জন এবং এনসিপির তিনজন রয়েছেন বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা, পরিচয় কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেয়নি লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের পক্ষের কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত মেফেয়ার ভেন্যুর সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ভেন্যুতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল।
অনুষ্ঠান শেষ হওয়ার পর ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভেন্যুর সামনের হাই রোডেও।
তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে রমফোর্ডের হাই রোডে সংঘর্ষ ও বিশৃঙ্খলার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানতে পারে, সংঘর্ষের আগে ঘটনাস্থলে প্রায় ৫০ জনের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এর পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান।
সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের আঘাত গুরুতর কিংবা প্রাণঘাতী নয় বলে ধারণা করেছিল পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে সংঘর্ষের ঘটনায় নয়জনকে আটকের খবর পাওয়া গেলেও তাদের রাজনৈতিক পরিচয় এবং আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না থাকায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।














মন্তব্যসমূহ