বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা করে তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার ও নতুন প্রজন্ম কোনোভাবেই আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের কঠোর সমালোচনা করেন রাশেদ খাঁন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।
রাশেদ খাঁন বলেন, ভারতের একজন মন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ কি এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে? প্রয়োজন হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আবারও যুদ্ধ হবে। বর্তমান সরকার, দেশের নাগরিক এবং নতুন প্রজন্ম কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য স্মরণ করে তিনি বলেন, একদিকে গোলামির শৃঙ্খল, অন্যদিকে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পতাকাই উঁচু করে রাখবে। প্রয়োজনে সেই স্বাধীনতা রক্ষায় আবারও সংগ্রামে নামতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে উসকানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন। ভারত ও শেখ হাসিনার ইন্ধনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।
গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তি এবং যাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, উভয় পক্ষেরই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার অভিযোগ, এসব সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
তিনি দাবি করেন, গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায় চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছিল। সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নতুন প্রজন্মের সামনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত সহযোগিতার নামে বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের এসব বিষয়ও নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।














মন্তব্যসমূহ