গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনের প্রভাবে স্থানীয় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও ৩১টি কারখানা বন্ধ রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরা ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে শুরু করেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে কয়েকটি স্থানে একত্র হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান তাঁরা।
এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এরপর শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।
সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টা পর্যন্ত মহাসড়কটি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।
শ্রমিক আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। দুই মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানজট এড়াতে স্বল্প দূরত্বের অনেক যানবাহন আশপাশের ছোট সড়কে প্রবেশ করায় সেখানেও যান চলাচলে বিঘ্ন ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা তৈরি হওয়ায় যানবাহন ধীরগতিতে চলছিল। পরিস্থিতি স্বাভাবিক করে সড়কে যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।
এদিকে আন্দোলনের কারণে শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার শ্রমিক আন্দোলনের কারণে এলাকার ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩১টি কারখানা বন্ধ রয়েছে।














মন্তব্যসমূহ