কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক দলের পরিবর্তে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির বাইরে কোনো প্রক্রিয়া বিবেচনা করছে না সরকার।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে জনগণের স্বীকৃতি হারিয়েছে। তাঁর মতে, দলটির অতীত কর্মকাণ্ড এবং সাম্প্রতিক তৎপরতার কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতিতে গ্রহণ করবে না।
জার্মানির নাৎসি বাহিনীর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে গণহত্যার সঙ্গে যুক্ত স্বৈরতান্ত্রিক শক্তিগুলোর রাজনৈতিক প্রত্যাবর্তনের নজির নেই। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বর্তমানে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে।
মন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে চিঠি পাঠিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ‘আসিব আসিব বলিয়া’ কথাটি ব্যবহার করেন।
তিনি বলেন, এসব ঘোষণা নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা সীমান্তের ওপার থেকে দেশে থাকা নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
তাঁর দাবি, এসব নির্দেশনার মধ্যে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি রয়েছে। এর আড়ালে নাশকতার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থাকা নেতারা নিজেদের নিরাপদ অবস্থানে রেখে দেশের ভেতরের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি আইনগত ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আওতায় ব্যক্তি ছাড়াও সংগঠনের বিরুদ্ধে বিচারের বিধান রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না।














মন্তব্যসমূহ