বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান দেখতে চান না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সরকারি দল, বিরোধী দল, তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনাবহুল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফিরে যেতে চান না তাঁরা। দেশের বিভিন্ন স্থানে যেসব তৎপরতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে তিনি মনে করেন, সেগুলো প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী শক্তির তৎপরতা বেড়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে সরকার ও বিরোধী দলের পাশাপাশি তরুণ প্রজন্মকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তাঁর মতে, দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা প্রতিরোধে সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে।
অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও কথা বলেন আমিনুল হক। তিনি জানান, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
বর্তমান জ্বালানি পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, বিকল্প জ্বালানি হিসেবে বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিদের উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে ঋণসুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমিনুল হক জানান, আগে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন সেই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বড় খামারগুলোতে বায়োগ্যাস উৎপাদন করে নিজস্ব জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের পরিবারগুলোকেও বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের সুযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লা পর্যায়ে ছোট ছোট সভা আয়োজন করে সাধারণ মানুষকে বায়োগ্যাস ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ