নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, নারীদের নিরাপদ জীবনযাপন এবং আত্মমর্যাদা নিশ্চিত করতে সরকার, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটিকে সামনে রেখে নারীদের নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিশ্বে নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের অবদান ক্রমেই বাড়ছে। তাই সমাজের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
তবে বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্যাতনের শিকার হওয়ার ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, প্রত্যেক নারীর মৌলিক মানবাধিকার ও আত্মমর্যাদা রক্ষার পাশাপাশি সমাজে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, হত্যা ও নিপীড়নের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তাঁর মতে, বিভিন্ন দেশের সরকার ও সামাজিক সংগঠন নারীদের সুরক্ষায় কাজ করলেও এসব উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।
নারীর মর্যাদা প্রসঙ্গে ইসলামের শিক্ষার কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলাম নারীদের যে সম্মান ও অধিকার দিয়েছে, সমাজে তার যথাযথ প্রতিফলন ঘটানো প্রয়োজন। নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা গেলে নির্যাতন প্রতিরোধের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়ও তা ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।
নারী নির্যাতন প্রতিরোধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন এবং জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মজীবীসহ সব শ্রেণি-পেশার নারীর যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
বিশেষ করে গণপরিবহন ও অন্যান্য জনপরিসরে নারীরা যাতে কোনো ধরনের হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে জন্য রাষ্ট্র ও সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নারীবান্ধব সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান গোলাম পরওয়ার।
বিবৃতিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাসও তুলে ধরেন তিনি।
১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে স্বৈরশাসক রাফায়েল ত্রুহিলোর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়।
তাঁদের স্মরণে পরবর্তী সময়ে ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রতীকী দিনে পরিণত হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিনটিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি পালিত হয়ে আসছে। তবে দেশে এখনো নারীরা ধর্ষণ, হত্যা এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিশেষ করে কলকারখানায় কর্মরত নারীদের হয়রানি ও নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করে এসব ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীদের ওপর সব ধরনের নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এ জন্য সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি সমাজের সব অংশীজন কার্যকর ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।














মন্তব্যসমূহ