সরকারকে সময় দিন, পাঁচ বছর পর জনগণই সিদ্ধান্ত নেবে: ডিএসসিসি প্রশাসক
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই যে তিন, চার বা পাঁচ মাসের মধ্যে চেরাগে ঘষা দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত হটানোর জন্য আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে।’সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করার আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘এক দফা দেওয়ার মতো কিছু আসেনি। গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে, সেইটুকু ধৈর্য আমাদের থাকতে হবে।’গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়াকে একটি গাছের বেড়ে ওঠার সঙ্গে তুলনা করে আবদুস সালাম বলেন, ‘একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতা প্রয়োজন।’রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকলেও জনগণের অভাব-অভিযোগের সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানেই রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।’বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।’তিনি আরও বলেন, ‘এখন নিজেরা কামড়াকামড়ি না করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করি। সময় দিই, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনা যায়।’আবদুস সালাম বলেন, ‘জনগণের কষ্ট আগে দূর করতে হবে। জাতীয় ঐক্য ধরে রেখে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’