বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির দুটি ইহুদি ও হিন্দু সংগঠন। হামাসের নিহত নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে তাঁর সফরের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলীয় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শফিকুর রহমান কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি পেয়েছেন এবং সফরকালে দেশটির কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।
যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর অভিযোগ, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান।
এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ের মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করেন এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়।
সংগঠন দুটির মতে, এসব বক্তব্যের পরও শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরা হয় যৌথ বিবৃতিতে।
সংগঠন দুটি জানায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার ইতিহাস তাদের উদ্বেগের অন্যতম কারণ।
তবে অতীতের এসব ঘটনার সঙ্গে শফিকুর রহমানের ব্যক্তিগত অপরাধে জড়িত থাকার কোনো বিচারিক সিদ্ধান্তের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (এএনআইসি) একটি অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।
গত ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত এক মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে শফিকুর রহমান অংশ নেন। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া সংসদ সদস্যদের নাম কিংবা অস্ট্রেলীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে নিশ্চিত তথ্য যৌথ বিবৃতিতে দেওয়া হয়নি।
এ পরিস্থিতিতে শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত এবং তাঁর সঙ্গে সরকারি প্রতিনিধিদের সম্ভাব্য যোগাযোগ সম্পর্কে অস্ট্রেলীয় সরকারের স্পষ্ট বক্তব্য চেয়েছে এজেএ ও এএইচএ।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি দেশটির ভিসানীতির প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে ইসরায়েলের রিলিজিয়াস জায়নিজম দলের আইনপ্রণেতা সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।
এই দুই ঘটনার সঙ্গে শফিকুর রহমানের ভিসা অনুমোদনের তুলনা টেনে গ্রেগরি জানতে চান, ইসরায়েলি রাজনীতিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও হামাস নেতাদের প্রশংসা করার অভিযোগ রয়েছে এমন একজন রাজনৈতিক নেতাকে কেন অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিংও শফিকুর রহমানের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তাঁর অভিযোগ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় কট্টরপন্থি ইসলামপন্থিদের ভূমিকা রয়েছে।
আমেন্দ্র সিং বলেন, এ ধরনের সহিংসতাকে যারা সমর্থন করেন কিংবা নীরব থাকেন, তাঁদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলে দেশটির সামাজিক সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে এসব বক্তব্য সংগঠনটির সভাপতির অভিযোগ ও মূল্যায়ন। শফিকুর রহমান ব্যক্তিগতভাবে উল্লিখিত সহিংসতায় জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ বিবৃতিতে উপস্থাপন করা হয়নি।
এদিকে ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শুরু করেন শফিকুর রহমান। সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠান এবং মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
২২ নভেম্বর সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
পাঁচ দিনের পূর্বনির্ধারিত সফর শেষে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমির।
তাঁর সফর নিয়ে অস্ট্রেলিয়ার দুটি সংগঠনের প্রতিবাদ প্রকাশিত হলেও ভিসা অনুমোদনের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা কিংবা অভিযোগগুলোর বিষয়ে জামায়াতে ইসলামীর নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : টাইমস অব ইসরায়েল














মন্তব্যসমূহ