‘ঢাকা উত্তর প্রস্তুত’, ইংরেজিতে মাত্র চার শব্দের একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘Dhaka North is ready’ লিখে পোস্ট দেন আসিফ মাহমুদ। পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে প্রায় ১৮ হাজার লাইক পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মন্তব্যের ঘরেও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
তবে এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
রাজধানীতে দলের কার্যালয়ে দুই সিটি করপোরেশনের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সেদিন নাহিদ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয় পর্যায়ে নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি।
এদিকে মঙ্গলবার রাজধানীতে এনসিপির ঢাকা উত্তর মহানগর শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়েছে। এতে আসিফ মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে আগেই আসিফ মাহমুদের নাম ঘোষণা করা হওয়ায় তাঁর সাম্প্রতিক স্ট্যাটাসটি সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে পোস্টে তিনি নির্বাচন কিংবা নির্দিষ্ট কোনো কর্মসূচির কথা উল্লেখ করেননি।














মন্তব্যসমূহ