জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রশ্নে তীব্র মতবিরোধের জেরে কোনো সামগ্রিক রাজনৈতিক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। নির্ধারিত সময় পেরিয়ে রেকর্ড সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত দেশগুলোকে একমত করা যায়নি। এই ব্যর্থতার পেছনে সৌদি আরবসহ কয়েকটি তেল উৎপাদনকারী দেশের অতিরিক্ত প্রভাবের অভিযোগ তুলেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনটি রোববার (২২ নভেম্বর) শেষ হয়। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এবারই প্রথম কোনো সামগ্রিক রাজনৈতিক সমঝোতা ছাড়াই জাতিসংঘের জলবায়ু আলোচনা শেষ হলো।
সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোর কয়েকজন আলোচক মনে করছেন, সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সৌদি আরবের প্রভাব ছিল অস্বাভাবিকভাবে বেশি।
তাঁদের অভিযোগ, সৌদি কর্মকর্তারা সম্মেলনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বৈঠকের সুযোগ পেলেও অন্য অনেক দেশের প্রতিনিধিদের সেই সুযোগ পেতে সমস্যায় পড়তে হয়েছে।
একটি ছোট দ্বীপরাষ্ট্রের প্রতিনিধি জানান, তুরস্ক ও অস্ট্রেলিয়ার সভাপতিত্বকারী প্রতিনিধিদের সঙ্গে তাঁর নির্ধারিত বৈঠক একাধিকবার বাতিল করা হয়। অথচ একই সময়ে সৌদি আরবের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগের সুযোগ ছিল বলে অভিযোগ ওঠে।
সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী দারাগ ও’ব্রায়েন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বলেন, ‘আমার বিশ্বাস, এই সম্মেলনকে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল।’
তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সম্মেলনের আয়োজক তুরস্ক। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় কোনো রাষ্ট্র বা জোটকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
মূল বিরোধ তৈরি হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত করা নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন, ছোট দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো চেয়েছিল, তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হোক।
অন্যদিকে সৌদি আরব ও তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যান্য সদস্য দীর্ঘদিন ধরে এ ধরনের ভাষার বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি, ভবিষ্যতেও বৈশ্বিক জ্বালানির চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন থাকবে।
সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে সমঝোতার চেষ্টা চললেও সৌদি আরব নিজেদের অবস্থানে অনড় ছিল বলে জানিয়েছেন কয়েকজন আলোচক। তাঁদের ভাষ্য অনুযায়ী, রিয়াদ চেয়েছিল চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উল্লেখ বাদ দেওয়া হোক। এর পরিবর্তে কার্বন ধরে রাখার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হোক।
তবে শুধু সৌদি আরব নয়, ইউরোপীয় ইউনিয়নও নিজেদের অবস্থান কঠোর করে। শনিবার আলোচনার অগ্রগতি জানতে চাইলে ইইউর জলবায়ুবিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা বলেন, ‘হয় ভালো একটি চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।’
এ অবস্থায় জার্মানির উদ্যোগে ছোট দ্বীপরাষ্ট্র, আফ্রিকার কয়েকটি দেশ, সিঙ্গাপুর, কানাডাসহ জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী পদক্ষেপের পক্ষে থাকা দেশগুলোর মধ্যে আলোচনা হয়।
পরে প্রায় ১৩০টি দেশের সমর্থন নিয়ে একটি চিঠি সম্মেলনের সভাপতির কাছে পাঠানো হয়। এতে যেকোনো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
কিন্তু রোববার ভোরে প্রকাশিত সংশোধিত খসড়ায় সেই দাবির প্রতিফলন দেখা যায়নি। নথিতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ ছিল না। বরং কার্বন ধরে রাখার প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা যেন সৌদি আরবের সঙ্গেই আলোচনা করছি।’
রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকজন আলোচকের মতে, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ না থাকা এবং যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে আগের মতো ঘনিষ্ঠ সমন্বয় না হওয়ায় সৌদি আরবের প্রভাব বেড়েছে।
সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী গ্রেস ফু বলেন, ‘আগে আলোচনার সীমা নির্ধারণে এক বা দুটি বড় দেশ ভূমিকা রাখত। কিন্তু এবার সেই সীমা কোথায়, তা স্পষ্ট নয়।’
রোববার বিকেলে সমাপনী অধিবেশন শুরু হলে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। নতুন করে আর কোনো সংশোধিত খসড়া প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
ডেনমার্কের জলবায়ুবিষয়ক মন্ত্রী সামিরা নাওয়ার অভিযোগ, চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ করতে না পারার মধ্য দিয়েই সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলোর প্রভাব স্পষ্ট হয়েছে।
এর আগে ২০২১ সালে গ্লাসগো এবং ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি স্থান পেয়েছিল। অথচ এবার সেই আলোচনা এগিয়ে নেওয়ার পরিবর্তে দেশগুলো সমঝোতায় পৌঁছাতেই ব্যর্থ হলো।
ফলে কপ৩১ শেষ হওয়ার পরও গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়ে গেছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়ে দেশগুলো ভবিষ্যতে কীভাবে একমত হবে?
সূত্র : রয়টার্স।














মন্তব্যসমূহ