নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন এড়াতে গুদাম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে এক লাখ মেট্রিক টন পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে বাজারে আকস্মিক চাহিদা বৃদ্ধি কিংবা সরবরাহ সংকট মোকাবিলায় আপৎকালীন মজুত বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ জন্য নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়াবে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’
বর্তমানে টিসিবির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাতে পারে।
তবে স্বল্পমেয়াদি সম্প্রসারণের পাশাপাশি স্থায়ী অবকাঠামো নির্মাণের ওপরও গুরুত্ব দিচ্ছে টিসিবি। আগামী বছর নিজস্ব গুদাম সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে।
এ বিষয়ে ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।’
শুধু গুদামের ধারণক্ষমতা বাড়ানো নয়, ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় পর্যাপ্ত পণ্য সংরক্ষণের ব্যবস্থাও শক্তিশালী করতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে বাফার স্টক বা আপৎকালীন মজুত বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’
এই সমীক্ষা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে। এতে প্রয়োজনীয় গুদাম অবকাঠামো, মজুতের পরিমাণ এবং পণ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। সমীক্ষার ফল অনুযায়ী আপৎকালীন মজুত সম্প্রসারণের পরিমাণ ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
সংস্থাটি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিতরণের জন্য অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়েও ভাবা হচ্ছে।
বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় আগাম সংগ্রহ ও সংরক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গুদামের সক্ষমতা বাড়ানো গেলে এ ধরনের মৌসুমে আগেভাগে বেশি পণ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বিতরণ করা সহজ হবে বলে আশা করছে টিসিবি।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করছে সংস্থাটি। উপকারভোগীর সংখ্যা, সংগ্রহ করা পণ্যের পরিমাণ এবং বিতরণের সময়সূচি অনুযায়ী গুদামের প্রয়োজন নির্ধারণ করা হয়।
টিসিবির পরিকল্পনা বাস্তবায়িত হলে পণ্য সংগ্রহ, মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিলেও পরিস্থিতি মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া সহজ হতে পারে।














মন্তব্যসমূহ