নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়রানির অভিযোগ গ্রহণের জন্য স্বাধীন কমিটি গঠনের পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি, বেতন এবং সন্তান জন্মের পর আবার মাঠে ফেরার সুযোগ নিশ্চিত করতে নীতিমালা তৈরি করেছে বোর্ড।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গত বছর জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্রিকেটারদের নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষাপটে নারী ক্রিকেটারদের জন্য কার্যকর ও স্বাধীন অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয় বিসিবি।
তামিম জানান, অভিযোগ গ্রহণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের নামসহ কমিটিটি বোর্ডের অনুমোদনও পেয়েছে। এখন কোনো নারী হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ জানাতে হবে, তা জানতে পারবেন।
কমিটি গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘জাহানারার ঘটনাটি যখন সামনে এসেছিল এবং এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন আমি কয়েকজনের মধ্যে একজন ছিলাম, যিনি বলেছিলেন, বিসিবির উচিত এমন একটি স্বাধীন কমিটি গঠন করা, যার সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। মেয়েদের ক্রিকেটে পাঠানোর সময় পরিবারকে নিশ্চিত করতে হবে, যে তারা কোনো ধরনের হয়রানির শিকার হবে না।’
তিনি জানান, অভিযোগ কমিটিতে বিসিবির কোনো সদস্যকে রাখা হয়নি। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থাকে বোর্ডের সরাসরি প্রভাবের বাইরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিয়েও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম। গর্ভাবস্থায় ছুটি এবং সন্তান জন্মের পর পুনরায় খেলায় ফেরার বিষয়গুলো নীতিমালার আওতায় আনা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন গর্ভবতী হবেন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি এবং পরবর্তী সময়ে আবার খেলায় ফেরার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। বিষয়টি বোর্ডে অনুমোদিত হয়েছে গত ২৮ তারিখে।’
নতুন ব্যবস্থায় নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি ও বেতনসংক্রান্ত সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি সন্তান জন্মের পর তাঁদের খেলায় ফিরে আসার প্রক্রিয়াও নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে।
নারী ক্রিকেটে হয়রানির অভিযোগ সামনে আসার পর বিসিবির এসব সিদ্ধান্তকে ক্রিকেটারদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন নীতিমালার বাস্তব প্রয়োগ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকারিতা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।














মন্তব্যসমূহ