দেশে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে তিনজন এবং সিলেট ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে মারা গেছে ১০৫ শিশু।
মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্তের সংখ্যাও উল্লেখযোগ্য। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ১৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় আরও ৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশু রয়েছে।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে নতুন শনাক্ত শিশুদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮ এবং বরিশালে ১০০ জন রয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ শিশু শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের তথ্যেও সংক্রমণের প্রভাব স্পষ্ট। গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।
অন্যদিকে, পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত হাম নিশ্চিত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশুর।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকায়। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।
পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যুর ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা। এখানে ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি প্রতিদিন নতুন শিশু শনাক্ত ও হাসপাতালে ভর্তির ঘটনা অব্যাহত রয়েছে।














মন্তব্যসমূহ