ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক জাহাজ হামলার শিকার হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও এর আশপাশে ৩১টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরপর চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনেই আরও প্রায় ১৯টি হামলা বা হামলাসংশ্লিষ্ট ঘটনার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবরের আগে এ অঞ্চলে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি হামলার ঘটনা ঘটত। তবে সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হামলার শিকার অধিকাংশ তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ প্রান্তে ওমানের উপকূলসংলগ্ন এলাকায় চলাচলের সময় লক্ষ্যবস্তু হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহণ করা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী হরমুজ প্রণালির ওমান উপকূলসংলগ্ন এই নৌপথটি নিরাপদ রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: গলফ নিউজ














মন্তব্যসমূহ