ইরাকের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আগুন ছড়িয়ে পড়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরাকের হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন কেন্দ্রটির আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রয়েছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে। উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কার্যক্রম দেখতে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।
তবে কী কারণে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ