নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। বায়েলসা রাজ্য পুলিশ কমান্ডের বিবৃতি অনুযায়ী, সাউদার্ন ইজাও জেলার ওয়েইকোরোঘা ও ওতুয়ান জনপদের মধ্যবর্তী নদীর বাঁকে দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে থাকা যাত্রীরা একটি দাফন অনুষ্ঠানে যাচ্ছিলেন।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ রয়টার্সকে জানান, অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ডুবে যায়। তবে দুর্ঘটনার সময় নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দেয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নৌকাটিতে অন্তত ৩০০ জন ছিলেন।
উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ স্থানীয় ডুবুরি ও অন্যান্য উদ্ধারকারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এ ঘটনায় নৌকার চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে নৌযানটির ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার নদী ও জলপথে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাবিধি উপেক্ষা করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
এর আগেও দেশটিতে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত আগস্টে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। এর আগে জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যের রাজধানীতে যাত্রী পরিবহনের সময় আরেকটি নৌকা উল্টে অন্তত ২৬ জন ডুবে মারা যান।
সূত্র: আল জাজিরা।














মন্তব্যসমূহ