ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ তেহরানের রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব আসেনি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য। অন্যদিকে, আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী অবসান চাইলেও কয়েকটি বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে ইরান।
শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। তাঁর বক্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরাইল।
ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তি করতে রাজি নয়, যা আমার কাছে গ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’ একই সঙ্গে ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইরানের শর্তগুলো স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো সুযোগ দিতে চায় না তেহরান। আলোচনার ক্ষেত্রে এটি তাদের অন্যতম প্রধান শর্ত।
তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি আরাগচি। তাঁর মতে, আলোচনার মাধ্যমে ন্যায়সংগত সমঝোতায় পৌঁছানো সম্ভব। ইরান এমন একটি চুক্তি চায়, যার মাধ্যমে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থাকবে না।
আরাগচি আরও জানান, আলোচনায় অগ্রসর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার বিষয়ে নিশ্চিত হতে চায় তেহরান। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থা তৈরির বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন বক্তব্যের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতি সামাল দিতে গিয়ে চাপের মুখে রয়েছেন ট্রাম্প। পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও বিবেচনা করছেন তিনি।














মন্তব্যসমূহ