ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যে তাদের বিয়ে ও সন্তান নেওয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের মতে, এসব পদক্ষেপ রোহিঙ্গাদের বংশবিস্তার সীমিত করার রাষ্ট্রীয় উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় এ পর্যবেক্ষণ তুলে ধরেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।আদালতে তিনি জানান, মিয়ানমার সরকার একটি আঞ্চলিক আদেশের মাধ্যমে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুটি সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করা হয়।বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ পুরোপুরি কার্যকর না হলেও এর উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে দেওয়া। মিয়ানমারও এই উদ্দেশ্যের কথা স্বীকার করেছে বলে রায় পাঠকালে উল্লেখ করেন তিনি।আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ। বিশেষ করে সামরিক বাহিনীর ‘নিধন অভিযান’ চলাকালে জনগোষ্ঠীটির জন্মহার হ্রাস করার উদ্দেশ্য এতে প্রতিফলিত হয়েছে।শুধু বিয়ে ও সন্তান জন্মদানের ওপর নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অন্যান্য নিপীড়নমূলক ব্যবস্থাও বিবেচনায় নিয়েছেন আদালতের বিচারকরা। আদালতের মতে, এসব পদক্ষেপ একসঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবিস্তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যের নির্দেশক।রায় পাঠকালে সামরিক অভিযানে যৌন সহিংসতার বিষয়টিও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যৌন সহিংসতা চালানো হয়েছিল।২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও নিধন অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে আসা শরণার্থীদের মিলিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।মামলার পর ২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন আইসিজে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার ১৫ বিচারপতির এই আন্তর্জাতিক আদালতে মামলার রায় পাঠ শুরু হয়। রায় পাঠের অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে বিধিনিষেধ, সামরিক অভিযান এবং যৌন সহিংসতার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।সূত্র : এএফপি

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে