ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়।
দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন জামায়াত আমির। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে শফিকুর রহমানের সঙ্গে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
এদিকে শুক্রবার ঢাকা ছাড়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাতে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তাঁদের মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া দলের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনেরও বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।














মন্তব্যসমূহ