গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে নিরাপত্তা ও নিয়মিত টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের সই করা চিঠিতে এ সহযোগিতা চাওয়া হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাশিমপুর কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দি অবস্থান করছেন।
সরকারের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে কারাগারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে চিঠিতে। বিশেষ করে পুরো কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখা এবং টহল কার্যক্রম জোরদারের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
নিরাপত্তা সহযোগিতা চেয়ে পাঠানো চিঠির প্রাপকদের মধ্যে রয়েছেন সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার এবং গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক।
এ ছাড়া কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছেও চিঠি পাঠানো হয়েছে।
একই সঙ্গে বিষয়টি অবহিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, কাশিমপুর কারাগার গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। এ কারণে নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কারা কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের উদ্যোগ অনুযায়ী, চারটি কেন্দ্রীয় কারাগারসহ পুরো কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত সহযোগিতা চাওয়া হয়েছে।














মন্তব্যসমূহ