দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক ঘটনার হিসাব তুলে ধরা হয়েছে এতে।
পুলিশের তথ্য অনুযায়ী, এই ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
একই সময়ে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের আরও একটি গাড়ি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা।
তিনি জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যেকোনো ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।














মন্তব্যসমূহ