চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এমনকি তিনি নিজে চাঁদাবাজিতে জড়িত হলেও তাঁকে আইনের আওতায় আনার কথা বলেছেন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে চাঁদাবাজি, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
চাঁদাবাজির দায় নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেওয়া যাবে না।’
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। এসব অপরাধের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হচ্ছে না।
তিনি বলেন, ‘মাদক, কিশোর গ্যাং—এগুলো তো আছেই। দুর্নীতি এবং চাঁদাবাজি সর্বত্র ছড়িয়ে পড়েছে। দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। দ্রব্যমূল্য দ্বিগুণ, তিনগুণ, আড়াইগুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।’
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য চাঁদাবাজিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। তাই চাঁদাবাজি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তাঁর মতে, মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করবো। কোথাও ভুল হলে ধরিয়ে দেবো। আমাদের সমালোচনাও সরকারকে গ্রহণ করতে হবে।’
সরকারের ইতিবাচক উদ্যোগে বিরোধী দলের সহযোগিতা থাকবে বলেও জানান শফিকুর রহমান। তবে সরকারের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমে ভুল থাকলে তা তুলে ধরার দায়িত্বও বিরোধী দল পালন করবে বলে উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে বিরোধী দলের সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সংসদের বিরোধীদলীয় নেতা।














মন্তব্যসমূহ