ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রিজভী। নিহত রাজু মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, শারীরিক নির্যাতনের মাধ্যমে রাজু মোল্লাকে হত্যার ঘটনাও সেই অপতৎপরতার অংশ।
তিনি বলেন, হত্যা ও সহিংসতার মাধ্যমে যারা দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়। অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
রাজু মোল্লা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান রিজভী। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে রাজু মোল্লাকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।














মন্তব্যসমূহ