গণভোটে জনগণের দেওয়া রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ দাবিতে চলমান কর্মসূচিও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান তুলে ধরেন।
এর আগে সকাল ১১টায় জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী অবস্থানের দিকে এগোচ্ছে। এতে দেশে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। দলগুলো এতে স্বাক্ষরও করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিয়েছেন। প্রায় পাঁচ কোটি মানুষের সেই সিদ্ধান্ত ক্ষমতাসীন দল যথাযথভাবে মূল্যায়ন করছে না বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোনো রাজনৈতিক সমঝোতায় সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা দ্বিচারিতার শামিল। গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা এলে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে।
তিনি জানান, বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিন হওয়ায় প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রত্যাশা করছে জামায়াত। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদীয় প্রক্রিয়ায় সংকট সমাধানের পক্ষে দলটির অবস্থান।
গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করবে। এরপর গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল একসঙ্গে সংসদে কাজ করতে পারবে।
তবে বিষয়টিকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে বিবেচনা করছেন না বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জামায়াতকে সহযোগিতার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটছে।
মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ, যানবাহনে তল্লাশির নামে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে ধরেন তিনি। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, কোথাও কোথাও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর আক্রমণ এবং তাদের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে মন্তব্য করেন তিনি।
জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিসহ সাংবিধানিক দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের ভূমিকার কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক পদে এখনো বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশের খবর পাওয়ার কথাও জানান তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দলটিকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগে জামায়াত সমর্থন দেবে না। সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, তা তাঁরা পর্যবেক্ষণ করছেন।
সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন গোলাম পরওয়ার। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এসব কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এর আগে রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথাও উল্লেখ করেন তিনি।
দেশের রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থেকে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। শ্রমিকদের ন্যায্য দাবির পাশাপাশি সহিংসতায় উসকানির অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় মালিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পের সংকট নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান গোলাম পরওয়ার।
বিএনপির সঙ্গে যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনা করছে এবং জামায়াত বিরোধী দলের দায়িত্ব পালন করছে। দুটি দল আলাদা রাজনৈতিক অবস্থানে থাকলেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। এ বিষয়ে নতুন কোনো অবস্থান ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমান ছাড়াও নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ