পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়ি এবং উপজেলা সদরে অবস্থিত বাড়িতে এসব হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালায়। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা শ ম রেজাউল করিমের আরেকটি বাড়িতে হামলা হয়। এ সময় বাড়িটিতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি ভবনে হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়িগুলোতে হামলার ঘটনা ঘটে।
তবে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় কিংবা তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতার মাধ্যমে হামলার ঘটনাটি ঘটেছে বলে তথ্য পাওয়ার কথাও জানান তিনি।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি বাড়িতে ভাঙচুরের কিছু চিহ্নও দেখতে পেয়েছেন পুলিশ সদস্যরা।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ব্যারিস্টার শ ম রেজাউল করিম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।














মন্তব্যসমূহ