অপরাধ প্রতিরোধে বিচারব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তাঁর মতে, কেবল আইন প্রয়োগ কিংবা আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) দিন নির্ধারণ করেন।
মামলার শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, “সবচেয়ে বড় কথা সামাজিকভাবে যদি আমরা অপরাধকে মোকাবিলা করতে না পারি, আইন-আদালত দিয়ে সবসময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।”
তিনি জানান, অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর একটি। এমন শাস্তি হওয়া প্রয়োজন, যা দেখে অন্যরা একই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকে।
তবে শুধু শাস্তির ওপর নির্ভর করে অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় শিক্ষা, পারিবারিক অনুশাসন এবং মূল্যবোধের চর্চা মানুষের আচরণ গঠনে ভূমিকা রাখতে পারে।
আট বছর বয়সী একটি শিশুর বিরুদ্ধে এমন নৃশংস অপরাধের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে এ ধরনের প্রবণতা কীভাবে তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদেরও বিশ্লেষণ করা প্রয়োজন।
এ সময় নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি জানান, পল্লবীর শিশু হত্যা মামলার প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন মামলা থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন।
এই বিশেষ বেঞ্চের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার।
অ্যাটর্নি জেনারেলের দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে ইতোমধ্যে দ্রুততম সময়ে ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।
তাঁর মতে, এ ধরনের বিশেষ বেঞ্চ বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
একই সঙ্গে স্পর্শকাতর মামলার দ্রুত বিচার ও রায় কার্যকরের মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব সম্পর্কে রুহুল কুদ্দুস কাজল বলেন, কোনো মামলা উচ্চ আদালতে শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট আইন, অভিযোগ ও প্রমাণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে নিজেদের বক্তব্য তুলে ধরে।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষের উদ্দেশ্য হলো প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে দণ্ডিত না হন, তা বিবেচনায় রাখা।
পল্লবীর শিশু হত্যা মামলার আসামি সোহেল রানার ক্ষেত্রেও রাষ্ট্রপক্ষ আদালতে সেই নীতির ভিত্তিতেই বক্তব্য উপস্থাপন করেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।














মন্তব্যসমূহ