জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির জুলাই গণঅভ্যুত্থান সেলের উদ্যোগে আয়োজিত সভার শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’।
সোমবার (১৬ নভেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
আলোচনা সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও নুসরাত তাবাসসুম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।
এমন প্রেক্ষাপটে রায় ঘোষণার এক বছর পূর্তিতে শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ এবং রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়গুলো সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে এনসিপি।














মন্তব্যসমূহ