মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ই-মেইলে পাঠানো এক জবাবে বলেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
উল্লেখ্য, গত বছরের (২০২৫) নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন।
এরই মধ্যে চলতি বছরের (২০২৬) জুলাই মাসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
এই আবেদনের চূড়ান্ত পরিণতি নিয়ে বাংলাদেশ সরকারের তরফে এখনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো না হলেও শুরু থেকেই ঢাকা বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং প্রতিবারই নয়াদিল্লি বিষয়টির আইনি সুরাহার কথা বলেছে।
এমন রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ওয়াশিংটনের কোনো পর্যবেক্ষণ বা মতামত আছে কি না।
একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দিয়ে বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’














মন্তব্যসমূহ