ভারতের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেও বাংলাদেশ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, অতীতে যারা দিল্লির সঙ্গে আপসহীন বন্ধুত্বের কথা বলেছে, তারাও বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করতে পারেনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে আগের সরকারের সম্পর্কের সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা একেবারে নিশ্চিন্তে আত্মসমর্পণ করে দেন দিল্লির পদতলে, তারা ক্ষমতায় যখন থাকেন, কই তাদের সময়ে তো এক বালতি পানিও ছাড় দেয়নি ভারত।’
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পানির অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন হয়েছে। বিশেষ করে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লংমার্চ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। সেই আন্দোলনের তাৎপর্য এখনো রয়েছে।
রিজভীর অভিযোগ, অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করায় বাংলাদেশের কৃষি, নদীর স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, ১৮ কোটি মানুষের একটি দেশকে প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত রেখে কৃষি উৎপাদন ব্যাহত করা গ্রহণযোগ্য হতে পারে না। একাধিক চুক্তি ও দীর্ঘ আলোচনার পরও পানিবণ্টন সমস্যার প্রত্যাশিত সমাধান হয়নি।
গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৭৭ ও ১৯৯৬ সালের চুক্তির তুলনাও করেন বিএনপির এই নেতা।
রিজভীর ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালের চুক্তিতে বাংলাদেশের জন্য শুষ্ক মৌসুমে ন্যূনতম পানি নিশ্চিত করার একটি গ্যারান্টি ক্লজ ছিল। তিনি দাবি করেন, ওই ব্যবস্থায় ৮০ শতাংশ পানি নিশ্চিত করার বিধান রাখা হয়েছিল।
অন্যদিকে ১৯৯৬ সালের চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ওই চুক্তিকে বড় অর্জন হিসেবে তুলে ধরা হলেও বাংলাদেশের পানির সংকটের স্থায়ী সমাধান হয়নি।
পদ্মা নদীর বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, একসময় প্রবল স্রোতের জন্য পরিচিত নদীটির অনেক এলাকায় এখন নাব্যতা কমে যাচ্ছে। পানি প্রত্যাহারের কারণে নদী ও কৃষিব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি।
নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে উজান ও ভাটি উভয় দেশেরই ক্ষতি হতে পারে বলে সতর্ক করেন রিজভী।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে। তবে সেই সম্পর্ক অবশ্যই পারস্পরিক মর্যাদা ও ন্যায়সংগত অধিকারের ভিত্তিতে হতে হবে।
একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য প্রতিষ্ঠা এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান তিনি।
রিজভী বলেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান ও খালেদা জিয়া বিভিন্ন সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পানির অধিকারের বিষয়টি তুলে ধরেছেন। দীর্ঘদিনের আলোচনায় কাঙ্ক্ষিত ফল না আসায় দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশকে সাহসী ভূমিকা নিতে হবে। ভারতের বিরুদ্ধে ওঠা পানি প্রত্যাহারসংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অভিন্ন নদীর পানি পাওয়া ভারতের অনুগ্রহের বিষয় নয়, এটি বাংলাদেশের ন্যায্য অধিকার।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি পর্যালোচনা করে প্রয়োজন হলে সেগুলো থেকে সরে আসার কথাও বলেন।
পানির অধিকার আদায়ে সীমান্ত অভিমুখে একাধিক লংমার্চ আয়োজন এবং আন্দোলন জাতিসংঘ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দেন সাইফুল হক।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন কেবল কারিগরি আলোচনা দিয়ে সমাধান করা সম্ভব নয়। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, যার জন্য শক্তিশালী রাষ্ট্রীয় অবস্থান প্রয়োজন।
তিনি ভারতের পানি প্রত্যাহার ও আন্তনদী সংযোগ প্রকল্পের সম্ভাব্য প্রভাব মূল্যায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠনের আহ্বান জানান।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।














মন্তব্যসমূহ