দীর্ঘ তিন বছরের বেশি সময় পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী। গত বছরের রক্তক্ষয়ী সামরিক সংঘাতের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে উত্তেজনা অব্যাহত থাকলেও একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
আগামী ২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এসসিওভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সভ্যতাগত সংলাপ এবং সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর ভারত সফরের ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন।
এরপর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে। হামলায় দুই ডজনের বেশি পর্যটক নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন হিন্দু।
ভারত সরকার হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এ ঘটনার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং সীমান্তে গোলাবর্ষণের মতো সামরিক সংঘাতে রূপ নেয়।
চার দিন স্থায়ী ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি করেছিল।
ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে একাধিক যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সম্পূর্ণ অংশ নিজেদের বলে দাবি করে ভারত ও পাকিস্তান।
এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে পাকিস্তানের মন্ত্রীর আসন্ন সফরকে দুই দেশের সীমিত কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবারের বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর পক্ষে ইসলামাবাদ।
এ ক্ষেত্রে সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।
এদিকে ভারতের পক্ষ থেকে এর আগে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিককে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে ইসলামাবাদ।
তবে এই সফরে ভারত ও পাকিস্তানের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গত বছরের সামরিক সংঘাতের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন পুরোপুরি কাটেনি। তাই এসসিওর মতো বহুপক্ষীয় মঞ্চে পাকিস্তানের অংশগ্রহণ দুই দেশের মধ্যে বৃহত্তর সংলাপের পথ তৈরি করে কি না, সেদিকেও নজর থাকবে।
সূত্র : এএফপি














মন্তব্যসমূহ