প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বল্প ব্যয়ের অভিযোজন কৌশলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বাংলাদেশ। তুরস্কে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ এ বিশেষ আয়োজনের মাধ্যমে পাটভিত্তিক পণ্য, বর্জ্য হ্রাস এবং টেকসই অর্থনীতির সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ন্যাচারাল ফাইবার্স, জিরো ওয়েস্ট অ্যান্ড ফ্রুগাল অ্যাডাপটেশন’ শীর্ষক সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র, বস্ত্র ও পাট এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)।
অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট একটি নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব উপাদান। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পরিবেশদূষণ ও বর্জ্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
পাটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগগুলোও তুলে ধরেন তিনি।
বিশেষ করে ভাসমান বাগানের মাধ্যমে কৃষিকাজ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং লবণাক্ততা-সহিষ্ণু ফসল চাষের মতো স্বল্প ব্যয়ের অভিযোজন কৌশলের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তুরস্কের পার্লামেন্টের পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান মেহমেত গালিপ এনসারিওগলু বাংলাদেশের পাট উৎপাদন ও ব্যবহারের অভিজ্ঞতার প্রশংসা করেন।
তিনি বলেন, পাটকে কেন্দ্র করে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা বৃত্তাকার অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে।
বৃত্তাকার অর্থনীতিতে সম্পদের পুনর্ব্যবহার, বর্জ্য কমানো এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় প্রাকৃতিক তন্তু হিসেবে পাটের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
আলোচনায় জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং কসোভোর পরিবেশবিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তাঁরা পাটের পরিবেশবান্ধব ব্যবহার বাড়ানো এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রথমবারের মতো আলাদা জুট প্যাভিলিয়ন স্থাপন করেছে। সেখানে পাটের তৈরি ১৩০ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শিত পণ্যগুলোর মোট ওজন প্রায় ৫৫০ কেজি।
মূলত প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের সম্ভাবনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু কার্বন নিঃসরণ কমানো নয়, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, বর্জ্য হ্রাস এবং স্থানীয়ভাবে কার্যকর অভিযোজন কৌশল সম্প্রসারণের প্রয়োজনীয়তাও উঠে আসে এই অনুষ্ঠানে।














মন্তব্যসমূহ